বিএনপির সমাবেশ শুরু- লোকে লোকারণ্য নয়াপল্টনের আশপাশ
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে স্থাপিত অস্থায়ী মঞ্চে সমাবেশ চলছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে অংশ নিতে সকাল থেকে নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে দলে দলে আসতে
থাকেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের মাথায় বিভিন্ন
রঙের ক্যাপ দেখা যায়। রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে এসেও সমাবেশে অংশ নিয়েছেন অনেক
নেতাকর্মী। তাদের হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের হাতে রয়েছে জাতীয়
পতাকা ও বিএনপির দলীয় পতাকা। সমাবেশ শুরুর আগে থেকেই নয়াপল্টন, কাকরাইল,
ফকিরাপুল ও বিজয়নগর এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
