রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে কে হবে নৌকার মাঝি বানিজ্যমন্ত্রীর আসনে আ’লীগের ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ
মোঃআমজাদ হোসেন কাউনিয়া রংপুর,প্রতিনিধিঃআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহণের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপির আসন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ৬ জন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে পীরগাছা উপজেলার বাসিন্দা হিসেবে রয়েছেন ৩ জন এবং কাউনিয়া উপজেলার বাসিন্দা হিসেবে ৩ জন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট রফিক হাছনাইন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, ব্যারিস্টার আনোয়ার হোসেন রয়েছেন। গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে রংপুর বিভাগের মনোনয়ন বিক্রির সাথে জড়িত কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ এ তথ্য জানান। রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পীরগাছা ও কাউনিয়ায় ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পীরগাছার ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৪৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ২০ জন। মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ২২৩ জন। তৃতীয় লিঙ্গের দুজন। কাউনিয়ার ভোটার সংখ্যা ২ লাখ ১৩৯৮ জন। পুরুষ ভোটার ৯৮ হাজার ৭৭৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন। রংপুর-৪ আসনটি গোটা রংপুর বিভাগের মধ্যে অন্যতম বলে এ আসনের দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে গোটা রংপুরের মানুষের মাঝে একটা কৌতূহল রয়েছে। ফলে এ আসনটি ঘিরে রয়েছে শিল্পপতি প্রার্থীদের দৌড়ঝাঁপ। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে কে হচ্ছেন নৌকার কাণ্ডারি সেই হিসেব-নিকেশ করতে ব্যস্ত সাধারণ ভোটাররা।
